মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষণ করার অঙ্গীকারে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন

প্রকাশিত April 4, 2023
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষণ করার অঙ্গীকারে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়ায় স্মৃতিসৌধ সংরক্ষণ করার অঙ্গীকারে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন করা হলো।
এ উপলক্ষ্যে মঙ্গলবার, ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করা হয় হবিগঞ্জ জেলা প্রশাসন, মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার কন্যা প্রতিটি স্তরে সাফল্য দেখিয়েছেন। তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের জাদুঘর করার জন্য আলাদা জমির প্রস্তাব পাঠানো হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধ সংরক্ষণ হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বেশি করে জানতে পারবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় সমরনায়করা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর নিদের্শনা অনুসারে মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণ করেন।