মহানগরীর একই এলাকায় পরপর দুটি অগ্নিকাণ্ডে সন্দিহান মেয়র : তদন্তের নির্দেশ

প্রকাশিত April 6, 2022
মহানগরীর একই এলাকায় পরপর দুটি অগ্নিকাণ্ডে সন্দিহান মেয়র : তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর চৌহাট্টা এলাকায় পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্মিত। সন্দেহ প্রকাশ করেছেন, আর্থিক প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ডে। তাই নির্দেশ দিয়েছেন তদন্তের, যাতে সুনির্দিষ্ট কারণ জানা যায়।
বুধবার দুপুরে মহানগরীর চৌহাট্টা এলাকায় নিলয় ১৬ দৌলতপুর স্কয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মেয়র ঘটনাস্থলে ছুটে যান। পরিদর্শন করেন পাঁচতলা ভবনের তৃতীয়তলায় অবস্থিত ইউনাইটেড ফাইন্যান্স কার্যালয়। অগ্নিকাণ্ডে এই আর্থিক প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে।
পরিদর্শন শেষে আরিফুল হক চৌধুরী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানান, আগের দিন পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় বেবি গার্ডেন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। পরদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই আর্থিক প্রতিষ্ঠানে। অথচ একই ভবনে নিচের দুইতলা এবং উপরের দুইতলা সম্পূর্ণ অক্ষত। এটা স্বস্তির বিষয় হলেও মাঝখানে এতবড় ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে হবে।
মেয়র জানান, ইতোমধ্যেই তিনি বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসকে পরপর দুটি অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন অগ্নিকাণ্ডের কারণ কি না তাও খুঁজে দেখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।