মহানগরীর উন্নয়নে বিনামূল্যে নগরবাসীর ভূমিদানের ইতিহাস বাংলাদেশে বিরল : আরিফ

প্রকাশিত September 10, 2023
মহানগরীর উন্নয়নে বিনামূল্যে নগরবাসীর ভূমিদানের ইতিহাস বাংলাদেশে বিরল : আরিফ

সিলেট মহানগরীর সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে বিনামূল্যে নিজস্ব ভূমিদানের স্বীকৃতি স্বরূপ ভূমিদাতাদের সিলেট সিটি কর্পোরেশন ‘সনদ’ দিচ্ছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর রাতে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করে উপস্থিত ভূমিদাতাদের হাতে সনদ তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মহানগরীর উন্নয়নে হাজার-কোটি টাকার ভূমি স্বেচ্ছায় সিলেট সিটি কর্পোরেশনকে দান করেছেন নাগরিকবৃন্দ। কেউ ভূমির মূল্য দাবি করেননি। জীবনমান উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে নগরবাসী বিনামূল্যে ভূমিদান করে বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সিসিক মেয়র বলেন, সিলেটে জন চলাচল নির্বিঘ্ন করতে সড়ক প্রশস্তকরণ এবং ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়; কিন্তু সরু সড়কগুলোর পাশে সিসিক বা সরকারে কোন জমি ছিলনা। সড়কের দু’পাশের বেশিরভাগ ভূমিই ব্যক্তি মালিকানার। ফলে সড়ক প্রশস্ত করতে সরকারের আইন অনুযায়ী ভূমি ক্রয় করা ছাড়া কোন উপায় ছিলনা; কিন্তু ভূমি ক্রয় একটি জটিল ও দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। সেই সঙ্গে ভূমি ক্রয়ে হাজার-কোটি টাকার সংস্থান নিয়ে সংকটে পড়ে সিসিক। তাই দ্রুত উন্নয়নের স্বার্থে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করলে নাগিরকবৃন্দ এগিয়ে এসে নগর উন্নয়নে স্বেচ্ছায় নিজস্ব ভূমিদানের ইতিহাস রচনা করেন।
সিসিক মেয়র আরও বলেন, ২৭ ওয়ার্ডের এই মহানগর এখন ৪২ ওয়ার্ডে উন্নীত হয়েছে।
সিলেটের উন্নয়নে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ ও সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।