অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে দীর্ঘদিন যাবৎ সুপেয় পানির তীব্র সংকট লেগে আছে। এখন বাজারে একটিও সচল টিউবওয়েল নেই। ফলে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা, পথচারী ও দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদেরকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলা সদরে প্রায় তিনদশক আগো বসানো একাধিক টিউবওয়েল কেবল নষ্ট হয়নি-এগুলোর কোনো চিহ্নই অবশিষ্ট নেই।
প্রায় দুবছর পূর্বে মধ্যনগর বাজার শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন একটি গভীর টিউবওয়েল স্থাপন করলেও চালু করা হয়নি। এর উপরে এখন ফলের দোকান বসে।
উপজেলা সদরে যাদের বসবাস তাদের সুপেয় পানি সংকট নিত্যদিনের। তারওপর প্রতি শুক্রবার দলে দলে আসা অসংখ্য পর্যটকের দুর্ভোগ যুক্ত হয়। সাধারণ কাজের জন্যে পানি সংগ্রহও পর্যটকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। অনেককে খালি বোতল হাতে ছুটোছুটি করতে দেখা যায়। মধ্যনগর বাজার জামে বড় মসজিদ থেকে পানি সংগ্রহ করা ছাড়া আর কোনো উপায় থাকেনা।
একাধিক পর্যটক ক্ষোভের বললেন, ”আমাদের কথা কেউ ভাবে না। আমরা আসার সুবাদে এই এলাকা যথেষ্ট আর্থিক সুবিধা পেয়ে থাকে; কিন্তু আমাদের সুবিধার কথা কারও মাথায় নেই। না আছে পানির ব্যবস্থা-না আছে ওয়াশ রুম। কি বিপাকেই না পড়তে হয়।”
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মেহেদী হাসান জানান, “মধ্যনগরে পানির চাহিদা মিটাতে মেগাপ্রকল্পের কাজ চলমান রয়েছে। খুব শিগগির এ সমস্যার স্থায়ী সমাধান হবে-আশা রাখছি।”