নিজস্ব প্রতিবেদক : কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেছেন, ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট ও অন্যান্য রাজস্বে রাষ্ট্রের উন্নয়ন হয়। নতুন ভ্যাট আইন ও অটোমেশনের ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে যে ভয়-ভীতি রয়েছে তা প্রশিক্ষণের মাধ্যমে দূর করা সম্ভব। এ লক্ষ্যে তারা ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যেতে প্রস্তুত রয়েছেন।
মঙ্গলবার সকালে সিলেট চেম্বার মিলনায়তনে ২ দিনব্যাপী ‘ভ্যাট বুথ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, রিটার্ন দাখিল ও মূসক ৬.৩ ইস্যূসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, যেকোন ব্যবসায়ী সংগঠনের অফিসে ক্যাম্পেইনের উদ্যোগ নিয়ে ভ্যাট বিভাগকে অবগত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে গিয়ে সেবা ও পরামর্শ দিয়ে আসবেন। এছাড়া কোন কর্মকর্তা ভ্যাট আদায়ের জন্য কোন ব্যবসায়ীকে বেআইনিভাবে হয়রানি করলে সে বিষয়ে অভিযোগ দাখিল করা হলে তা যথাযথভাবে দেখা হবে।
তিনি বলেন, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও ভ্যাট রিটার্ন দাখিল ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক; কিন্তু শুধুমাত্র আইন ও পদ্ধতি না জানার কারণে এ ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে অহেতুক ভয় কাজ করে, যা দূর করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম বলেন, সিলেটের ব্যবসায়ীরা রাজস্ব প্রদানে যথেষ্ট আগ্রহী। গত অর্থবছরে ভ্যাট আদায়ের টার্গেট পূরণ না হলেও করোনা মহামারি এবং ব্যবসা-বাণিজ্যের মন্দার মধ্যেও তারা ভ্যাট প্রদানে ১৩% প্রবৃদ্ধি দিতে সক্ষম হয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আবগারী ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো সোলাইমান হোসেন।
সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ। তিনি ব্যবসায়ীদেরকে সচেতন করে তুলতে এরকম কর্মসূচি চালু রাখার আহবান জানান।
সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, সারোয়ার হোসেন ছেদু, প্রাক্তন সহসভাপতি মো দিলওয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এম এ হান্নান, মো আমিনুজ্জামান জোয়াহির, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, সিলেট চেম্বারের সদস্য নিয়াজ মো আজিজুল করিম, মো মকবুল হোসেন, আব্দুল আহাদ প্রমুখ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি