নিজস্ব প্রতিবেদক : সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এক বাংলাদেশী নাগরিক প্রাণ হারিয়েছেন।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে দেওয়া তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর/১১ পৌষ) দুপুর আনুমানিক পৌণে ১টায় মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার (১২৮২/৭-এস) হতে আনুমানিক সাড়ে ১৮ মিটার ভারতের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের কিশোর ছেলে মো মারুফ মিয়া (১৬) সহ কয়েকজন ভারতীয় খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা গাদা বন্দুক দিয়ে তাদের দিকে ১ রাউন্ড গুলি ছুঁড়লে মারুফ মিয়া আহত হন। তবে তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন।
পরে মারুফ মিয়াকে পরিবারিক ব্যবস্থাপনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুপুর ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া বিজিবি মিনাটিলা বিওপি বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায়।
তথ্য বিবরণীতে আরো জানানো হয়, বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি ও দায়ী ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনতে বলে।
এবিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।