সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, চাকরিজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রবাসী ও সাধারণ জনগণের জন্য সর্বজনীন পেনশন স্কিম সরকারের একটি মহৎ উদ্যোগ। ভবিষ্যৎ সুরক্ষায় এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়া জরুরি। এর মাধ্যমে জনগণের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার, ২১ মার্চ (৭ চৈত্র) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএর আওতায় আয়োজিত ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বকতৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির মাধ্যমে জনগণ একটি নির্দিষ্ট সময় টাকা জমানোর পর পেনশনের আওতাভুক্ত হবেন। পরে সরকারের পক্ষ থেকে তাকে আজীবন পেনশন দেওয়া হবে। পেনশন ভোগকারীর মৃত্যুর পর তার পরিবার এই পেনশনের উত্তরাধিকারী হবেন।
এজন্য প্রত্যেক নাগরিকের নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সরকার চাকরিজীবী ও জনগণকে একটা সুযোগ দিচ্ছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অবসর ও বার্ধক্যকালীন সর্বজনীন পেনশন স্কিম অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বর্তমানে সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, নতুন শিক্ষা কারিক্যুলামে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বেকারত্ব কমাতে ও দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।
নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে দেশের জন্যে সুনাম বয়ে আনার জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বিভাগীয় কমিশনার আহবান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। পিআইডি সিলেট