ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে অর্থ আদায় চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

প্রকাশিত January 4, 2024
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে অর্থ আদায় চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে অপহরণ করে অর্থ আদায় চক্রের মূলহোতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
গত ৩০ ডিসেম্বর অনুমান দুপুর ১টায় এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌধুরী মার্কেট হতে বেকারির মালামাল তৈরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর এলাকায় ভিআইপি বেকারির দিকে যাওয়ার পথে অপহৃত হন।
র‌্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়, এই ব্যক্তি সুলতানপুর বড় মসজিদের রাস্তায় পৌঁছলে ৬ জন ৩টি মোটরসাইকেল যোগে এসে তার পিকআপ ভ্যানের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি সহ তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তী সময়ে তারা অপহৃত ব্যক্তিকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা নগদ ৫০ হাজার ছিনিয়ে নেয়। এছাড়া বিকাশের মাধ্যমে আরও ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় অপহৃত ব্যক্তির ভগ্নিপতি বাদি হয়ে গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আলোচিত ঘটনাটির সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ৯ ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব ৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার, ৪ জানুয়ারি (২০ পৌষ) জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর আসামি শেখ অবুজসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধিবাসী।
গ্রেফতারকৃতরা হলো শেখ অবুজ (সুলতানপুর), পিয়াস (কান্দিপাড়া), শেখ সবুজ (সুলতানপুর), শিপন মিয়া (কান্দিপাড়া), হৃদয় (সুলতানপুর) ও আওয়াল মিয়া (সুলতানপুর)। এই আসামিদের নামে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।