ব্যবসা-বাণিজ্য রক্তপ্রবাহের মতো : বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক

প্রকাশিত October 11, 2022
ব্যবসা-বাণিজ্য রক্তপ্রবাহের মতো : বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো হাফিজুর রহমান বলেছেন, ব্যবসা-বাণিজ্য একটি দেশের রক্তপ্রবাহের মতো। রক্তপ্রবাহ ছাড়া যেমনি দেহ অচল তেমনি ব্যবসা-বাণিজ্য ছাড়া দেশের অর্থনীতিও। আর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় বাণিজ্য সংগঠনগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই বাণিজ্য সংগঠনগুলোর স্বার্থেই বাণিজ্য সংগঠন অনুবিভাগকে নতুনভাবে সাজানো ও নতুন বাণিজ্য সংগঠন আইন ২০২২ প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে নতুন সংগঠন বা গ্রুপের টিও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করা হয়। আদৌ সংগঠনটির প্রয়োজনীয়তা আছে কি না তা নিরূপণ করে এখন টিও লাইসেন্স দেওয়া হয়ে থাকে।
সোমবার সকালে সিলেট চেম্বার মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ কর্মকর্তাদের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব তরফদার সোহেল রহমান। সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ।
মহাপরিচালক বিভিন্ন ট্রেড গ্রুপ নেতৃবৃন্দের উত্থাপিত সমস্যাবলী নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপসচিব তরফদার সোহেল রহমান বাণিজ্য সংগঠন অনুবিভাগের বিভিন্ন কার্যক্রম ও নতুন বাণিজ্য সংগঠন আইন ২০২২ সম্পর্কে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় সভাপতির বক্তব্যে তাহমিন আহমদ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ পর্যটন, শিল্প ও রপ্তানি খাতের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়াও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করে থাকে।
তিনি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্য সংগঠনগুলোর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিতকরণ, সিলেটে জয়েন্ট স্টক কোম্পানিজের ফার্মস শাখা অফিস স্থাপন ও বৃহৎ পরিসরে সিলেট চেম্বারের ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ সহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক জিয়াউল হক, মো হিজকিল গুলজার, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস মিঠু, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সাবেক পরিচালক মো বশিরুল হক, মো আমিনুজ্জামান জোয়াহির, বিভিন্ন ট্রেড গ্রুপ নেতা মো বদরুল আলম, বশির আহমদ, সাহেদুর রহমান, এম নুরুল ইসলাম, মো নাসির উদ্দিন, মো সাহাব উদ্দিন, জয়দেব চক্রবর্তী, নাজির আহমদ স্বপন, মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আজিজুর রহিম খান, এক্সিকিউটিভ অফিসার শাহআলম রাফি প্রমুখ। সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবি।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি