ব্যবসাবান্ধব নগরী উপহার দিতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন মেয়র আনোয়ারুজ্জামান

প্রকাশিত January 20, 2024
ব্যবসাবান্ধব নগরী উপহার দিতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী একটি সুন্দর, বাসযোগ্য ও ব্যবসাবান্ধব নগরী উপহার দিতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, আধ্যাত্মিক এই নগরীর পর্যটন সম্ভাবনাকে শতভাগ কাজে লাগাতে পারলে সিলেট সর্বক্ষেত্রে এগিয়ে যাবে। গতি আসবে ব্যবসা-বাণিজ্যে। এত সামগ্রিকভাবে নগরবাসীর জীবন-যাত্রার মান উন্নত হবে।
শনিবার, ২০ জানুয়ারি (৬ পৌষ) দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে মহানগরীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
মতবিনিময় সভায় সিসিক মেয়র ব্যবসায়ীদের বিভিন্ন দাবির কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান দেন।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি মো মাহবুবুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দীন আহমদ সেলিম, সিলেট চেম্বারের পরিচালক মো হিজকিল গুলজার, সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির পরিচালক মো ফেরদৌস আলম, আমদানি রপ্তানিকারক আতাউর রহমান কাছামিয়া, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো হুরায়রা ইফতার হোসেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ প্রথম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি