নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বিএনপির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মরদেহ ঢাকার সাভার থেকে এনে সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের সড়কের বাজার শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
এর আগে রবিবার (২৯ ডিসেম্বর/১৪ পৌষ) বাদ জোহর সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিএনপি নেতবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় হারিছ চৌধুরীর নিজের এলাকায়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। দাফনের আগে তার স্মৃতিচারণ করে নিকটজন ও রাজনৈতিক সতীর্থরা বক্তব্য রাখেন।
সকালে ঢাকা থেকে সড়ক পথে হারিছ চৌধুরীর মরদেহ অ্যাম্বুলেন্স সিলেট পৌছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান; কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারে গোপনে তার মরদেহ দাফন করা হয়। পরে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই বীর মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী নিজের জন্ম এলাকায় মরদেহ সমাহিত করা হলো।