নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আমান উদ্দিনের ফোন জেলা পুলিশের কাছে। তাও শুক্রবার, ৩১ মার্চ ভোর রাতে। জরুরি বলে কথা। জানালেন, মাথিউরা পূর্বপার গ্রামের মো আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার নাহিদ ইসলাম খুন হয়েছেন। খবরটি আরও গুরুতর এ কারণে যে, ঘরজুড়ে রক্ত আর রক্ত। বিছানা থেকে মেজে হয়ে গড়িয়ে গেছে বারান্দা পর্যন্ত; কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, মরদেহ নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর ঘুম হারাম। একেতো খুন তারউপর মরদেহ গুম। আরম্ভ হলো অনুসন্ধান। তথ্য প্রযুক্তির ব্যবহার। টানা ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান। অতঃপর পুলিশের জালে মৃত নয়-জীবন্তই ধরা পড়লো খুনের নাটকের নায়ক ছদ্মবেশী নাহিদ ইসলাম। রহস্য ভেদ নিমিষেই। হুর হুর করে ভয়ংকর সব তথ্য বের হয়ে এলো পেট থেকে। অন্ধকার পথ ধরে ছুটে চলা মাত্র ২৮ বছরের এক যুবক যে এত বড় অপকর্ম ঘটাতে পারে তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হওয়া অস্বাভাবিক নয়। অথচ প্রতিটি বর্ণই সত্য। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তা নিশ্চিত করেছেন।
রবিবার, ২ এপ্রিল দুপুরে নিজের কার্যালয়ে আহুত জরিুর সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া খবরে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড মনে হওয়ায় এর রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য বিয়ানীবাজার থানার একটি গোয়েন্দা দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুন হওয়ার নাটক সাজানো নাহিদ ইসলামকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস দল শনিবার, ১ এপ্রিল অভিযান চালিয়ে নরসিংদী হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে প্রায় ১৪ বছর ধরে এই এলাকায় আছে; কিন্তু তার প্রকৃত পরিচয় কেউ জানেনা। আসলে তার বাড়ি নীলফামারী। সেখানে অপরাধে জড়িয়ে পড়ায় সে বর্তমান ঠিকানায় আত্মগোপনে ছিল।
এসপি জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানা গেছে, সে মূলত: অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। এতে তার বড় অঙ্কের টাকা ঋণ হয়ে যায়। তাই কৌশলে জাতীয় পরিচয়পত্রে তার নাম পরিবর্তন করে ও নিজের স্থায়ী ঠিকানা গোপন রেখে বর্তমানে যে বাড়িতে কেয়ারটেকার হিসেবে আছে সেই বাড়িটিকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করে আসছে। তার আসল নাম তাজুল ইসলাম, পিতা হোসেন আলী, মাতা আম্বিয়া বেগম, গ্রাম বড়ভিটা পূর্বপাড়া, থানা-উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।
পুলিশ সুপার জানান, অনুসন্ধানের একপর্যায়ে কথিত নাহিদ ইসলামের ঘর তল্লাশি করে তার নিজের হাতের লেখা একটি ডায়েরি পাওয়া যায়, যাতে অনেক দেনা পাওনার হিসাব লেখা। ঘটনাস্থলের আশেপাশে একটি বালতি ও মগে রঙ গোলানোর আলামতও পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।
এছাড়া যেকোনো চাঞ্চল্যকর হত্যামামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতারে গুরুত্বের সঙ্গে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।