বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

প্রকাশিত October 3, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক প্রথমবার বিশ্ব বসতি দিবস পালন করবে।
এ উপলক্ষে আগামী ৫ ও ৬ অক্টোবর শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, আইডিয়া কম্পিটিশন এবং মডেল ও আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোর/১৮ আশ্বিন) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী কর্মসূচি তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি উদযাপনের অংশ হিসেবে সিলেটেও এবার প্রথমবার সিউকের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এর আগে সিলেটে গণপূর্ত বিভাগের উদ্যোগে পালিত হতো।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-আইইবি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস-আইএবি, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ-সারেগ এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম-এইএসিএফ যুক্ত রয়েছে।
এছাড়া আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জও এতে যুক্ত থাকবে।
নাস হোল্ডিং ভেঞ্চার লিমিটেড গ্রুপ আয়োজনের সহযোগিতায় রয়েছে।