হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বলেছেন, বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে; কিন্তু সবার উপরে পৌঁছার এ অর্জন একদিনে হয়নি। এ জন্যে আমাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা মেনে নিতে হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের গুণগত মান বিশ্বপর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে, সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।
সেনাবাহিনী প্রধান রবিবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি কমিউনিটি ক্লিনিক মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।
এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করছে।