নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বাঙালি জাতির মুক্তি ও ভাগ্য উন্নয়নের জন্যে সারাটি জীবন সংগ্রাম করেছেন-ত্যাগ স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি কাজ করেছেন বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি ও বিশ্ব শান্তির জন্যে। তাই বিশ্বের শান্তিকামী মানুষের পক্ষ থেকে তাকে ‘জুলিও কুরি’ শান্তি পদক দিয়ে সম্মানিত করা হয়।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধু কি চেয়েছিলেন আর কি ছিল তার স্বপ্ন তা নতুন প্রজন্মকে জানতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এ কথা বলেন।
রবিবার, ২৮ মে বিকেলে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। সঞ্চালনায় ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিশ্ব শান্তি ছিল বঙ্গবন্ধুর জীবনের আরেক ব্রত। অস্ত্রের ঝনঝনানি বন্ধ আর অস্ত্র প্রতিযোগিতা বন্ধে তিনি বারবার আহবান জানিয়েছিলেন। তার এই অবস্থানকে কেউ কেউ মেনে নিতে পারেনি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মাধ্যমে সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলায় তাকে অসাধারণ সাফল্য এনে দেয়।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তিনি সবার প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো মাসুদ রানা জাতির পিতার জীবনদর্শন ধারণ করতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেননি।
আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতোনা।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেন, ‘জুলিও কুরি’ পদক বঙ্গবন্ধুকে বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত করে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, বাংলাদেশ বিরোধী চক্রান্ত থেমে নেই। সকলকে সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বিশ্ব শান্তি, বিশ্ব শান্তি পরিষদ ও বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বলেন, জাতির পিতার শান্তির দর্শন আর প্রধানমন্ত্রীর মানবিকতার ধারা বহমান রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
পরে জেলা শিল্পকলা একাডেমি ও পাঠশালার প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দিনটি উপলক্ষে ডাক বিভাগ প্রকাশিত ডাক টিকেটও অবমুক্ত করা হয়।
এছাড়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।