বিশ্বম্ভরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পাউবোর উচ্চপদস্থ কর্মকর্তারা

প্রকাশিত April 15, 2023
বিশ্বম্ভরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পাউবোর উচ্চপদস্থ কর্মকর্তারা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন।
এবার জেলার প্রধান সম্পদ বোরো ফসল রক্ষায় ১৪৭টি হাওরে সরকার ২০৮ কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধের কাজ করাচ্ছে।
শনিবার, ১৫ এপ্রিল বিকেলে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে যান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বিশাল করচার হাওরের ১ নম্বর পিআইসি বাঁধটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহিম জাদিদ, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও বিশ্বম্ভরপুরের এসও মো মনসুর রহমান।
জেলা প্রশাসক পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ বলেন, বাঁধগুলো অন্যান্য বছরের তুলনায় এবার টেকসই হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। দ্রুত ধান ঘরে তোলার জন্য প্রতিটি হাওরে রয়েছে হারভেস্টার মেশিন (ধান কাটার যন্ত্র)। এছাড়া বিভিন্ন জেলা হতে শ্রমিকরা এসে ধান কাটা শুরু করেছেন।
আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী পনের দিনের মধ্যে কৃষকরা তাদের সোনালী ফসল ধান কেটে ঘরে তুলতে সক্ষম হবেন।