বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন বুধবার || শেষ মুহূর্তের প্রচারণায় ‘বেফানা’ প্রার্থীরা

প্রকাশিত October 30, 2022
বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন বুধবার || শেষ মুহূর্তের প্রচারণায় ‘বেফানা’ প্রার্থীরা

শুকরান আহমেদ রানা : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসলে প্রতীক বরাদ্দের পর থেকেই পৌর এলাকায় জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা; কিন্তু এখন একেবারে ‘বেফানা’ হয়ে উঠেছেন।
আগামী বুধবার ২ নভেম্বর পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত পৌর পরিষদ গঠন করবেন।
তবে কে হচ্ছেন প্রথম পৌর মেয়র-এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। তাই নাগরিকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের অলি-গলি যেখানেই যাবেন-শুধুই নির্বাচনী আলাপ। প্রথম পৌর নির্বাচন হওয়ায় নাগরিকদের মাঝে স্বাভাবিক কারণেই উৎসাহ বেশি। তাই উৎসবের আমেজ বিরাজ করছে।
পৌর নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা), আওয়ামী লীগ ঘরানার সাবেক দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান (জগ), দল থেকে পদত্যাগ করা উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার), নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক, ক্রীড়াবিদ মুমিন খান মুন্না (মোবাইল ফোন), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শিব্বির আহমদ (খেঁজুর গাছ), আল-ইসলাহর তালুকদার ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ)।
বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ ও নারী ভোটার ১৭ হাজার ১৯১।