বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না : তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত October 3, 2026
বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না : তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবেনা।
শনিবার (৩ অক্টোবর/১৮ আশ্বিন) বিশ্বনাথ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সাংসদ লুনা দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ৩টি নতুন সড়কের পাকাকরণ কাজ উদ্বোধন করেন।
পরে তিনি একই গ্রামের পৃথক একটি সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন।
এ সময় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সাংসদ লুনা গ্রামের সকল রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনার আশ্বাস দেন।
তিনি বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। দীর্ঘদিন ধরে যেসব রাস্তা সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরো বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিকভাবে এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ, আজমল খান, যুবদল নেতা নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি