সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নৌকা’ স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি সিলেট-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ‘নৌকা’য় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করুন। এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে তার বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করে বলেন, শফিকুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘মন্ত্রী’ করবেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী নিশ্চিত করেন, তিনি ও শফিক চৌধুরী মিলে যৌথভাবে সিলেট-২ আসনের সর্বস্তরের জনসাধারণকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দেবেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ আটকাতে পারে না। তাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে মা-বোন সহ সর্বস্তরের মানুষের কাছে ‘নৌকা’য় ভোট ভিক্ষা চাইতে হবে।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বুধবার, ৩ জানুয়ারি (১৯ পৌষ) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ‘নৌকা’ মার্কার শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, দলের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাবেন।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আমির আলী ও মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এ এইচ এম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর সাদিক চৌধুরী ফলিক, আফছর খান সাদিক, শামসাদুর রহমান রাহিন, বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু, সদস্য মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের পরিচালক মনির মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, রাজু খান ও হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা। সংবাদ বিজ্ঞপ্তি