বিশ্বনাথের প্রশাসনকে দালাল-বাটপারমুক্ত করাই হবে প্রথম কাজ : নবনির্বাচিত মেয়র মুহিব

প্রকাশিত November 9, 2022
বিশ্বনাথের প্রশাসনকে দালাল-বাটপারমুক্ত করাই হবে প্রথম কাজ : নবনির্বাচিত মেয়র মুহিব

শুকরান আহমদ রানা, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। করা হয়েছে বিজয় মিছিল। এতে অংশ নিয়ে পৌরবাসী তাদের নবনির্বাচিত প্রতিনিধিকে নতুন করে ভালবাসায় সিক্ত করলেন।
বুধবার বিকেলে শহরের রামপাশা সড়কে তার বাসভবনের সামনে বিশ্বনাথ পৌরবাসীর ব্যানারে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিজয় মিছিল নিয়ে এতে যোগ দেন বিভিন্ন এলাকার মানুষ।
প্রবীণ সাংবাদিক বশির উদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশিকান্ত পাল, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, সুফি শামসুল ইসলাম, মাসুক এ রাব্বানী, ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র মুহিবুর রহমানের ছেলে আদনান মুহিব রহমান।
মেয়র মুহিবুর রহমান বলেন, ‘দুর্যোগময় মুহূর্তে ১৯৮৫ সালে দলমত নির্বিশেষে আমাকে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন বিশ্বনাথবাসী। সেই সময় দালাল-বাটপাররা প্রশাসনকে জিম্মি করে ফায়দা লুটতো। গরীব মানুষ ছিল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি চেষ্টা করেছি বিশ্বনাথকে দালালমুক্ত করার। বিশ্বনাথে কলেজ ছিল না। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও ছিল কম। প্রথমেই আমি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কলেজ প্রতিষ্ঠা করি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলি। পাশাপাশি অনেক রাস্তা নির্মাণ করে উপজেলার উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলাম। এরপর আর তেমন কোন উন্নয়ন হয়নি। এখন আপনারা আবার আমাকে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। আমি পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। সমাজে আবারও ঘুণে ধরেছে। বেড়ে গেছে দালাল-বাটপারদের দৌরাত্ম। রাস্তাঘাট চলার অনুপোযোগী। অনেক সমস্যা রয়েছে পৌরসভায়। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পৌরসভায়ও উন্নয়নের ভিত স্থাপন করবো। আগামী ৫ বছর নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। একটি সুন্দর পৌরসভা গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।’
বিশ্বনাথের প্রশাসনকে দালাল-বাটপারমুক্ত করা তার প্রথম কাজ হবে বলে মেয়র ঘোষণা করেন।
পরে মেয়রকে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।