বিয়ানীবাজারে পল্লব পুনঃনির্বাচিত ফেঞ্চুগঞ্জে জিতলেন প্রবাসী বালাগঞ্জে ইউপি চেয়ারম্যান

প্রকাশিত May 29, 2024
বিয়ানীবাজারে পল্লব পুনঃনির্বাচিত ফেঞ্চুগঞ্জে জিতলেন প্রবাসী বালাগঞ্জে ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত সিলেটের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে একজন পুনঃনির্বাচিত হয়েছেন আর অন্য দুজন প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন।
বুধবার, ২৯ মে (১৫ জ্যৈষ্ঠ) শান্তিপূর্ণ পরিবেশে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়; কিন্তু ভোটার উপস্থিতি ছিল কম। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। কোথাও কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়াও বিজিবি ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সদস্যরা নির্বাচনী মাঠে তৎপর ছিলেন। প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আশফাকুল ইসলাম শাব্বির। আর বালাগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন আনহার মিয়া, যিনি একাধিকবার বোয়ালজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।