সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশে বিদ্যুতের সংকট নেই। সরকার ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ পাচ্ছি। তবে হঠাৎ গরম বেশি পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানোর ফলে বিদ্যুতের চাহিদা তিনগুণ বেড়ে গেছে। এতে বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে তা কিছু দিনের মধ্যেই সমাধা হবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গভীর নলকূপ ও টুইন পিট ল্যাট্রিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ঢাকার বড় বড় মার্কেটে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এটা সত্যি খুব দুঃখজনক। দেশে একটি গোষ্ঠী আছে, যারা সবসময় মানুষের ক্ষতি করতে চায়। বারবার অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার খতিয়ে দেখছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।