নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা সজিব কান্তি হালদারকে সিলেট থেকে গ্রেফতার করেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় প্রতারক চক্রের সদস্যরা মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক-যুবতীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের একটি প্রতারণার ঘটনায় গত ২২ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়।
মামলার বিবরণে অভিযোগ করা হয়, সজিব কান্তি হালদার (৪২) এই সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। এই ব্যক্তি অন্যদের সহায়তায় বাংলাদেশ হতে রোমানিয়ায় উচ্চ বেতনে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মামলার বাদি ও আরও দু’জনের নিকট থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর ওর্য়াক পারমিট, পরিবহন, ভিসা প্রসেসিং, মেডিক্যাল চেকআপ, বিএমইটি ক্লিয়ারেন্স ইত্যাদি খরচের কথা বলে কয়েক দফায় ব্যাংক হিসাব ও নগদে সর্বমোট ২১ লাখ টাকা হাতিয়ে নেয়; কিন্তু তাদেরকে বিদেশ পাঠানো নিয়ে গড়িমসি করতে থাকে।
এক পর্যায়ে বিদেশ যেতে আগ্রহীদের মনে সন্দেহ দেখা দেয়। তারা তখন ভিসা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইল করে জানতে পারে যে, তাদেরকে দেওয়া সকল কাগজপত্র ভুয়া। প্রতারণার এই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার, ২৬ ডিসেম্বর দুপুর অনুমান একটায় সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সিলেটের ওসমানীনগর উপজেলার টেকেরহাট এলাকার বাসিন্দা সজিব কান্তি হালদারকে গ্রেফতার করে।
প্রতারক চক্রের অন্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চলমান ও অভিযান অব্যাহত আছে বলে-র্যাব ৯ এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ‘ইম্পেক্ট গ্লোবাল’ নামক ট্রাভেল এজেন্সির সঙ্গে সজিব কান্তি হালদারের সম্পৃক্ততা রয়েছে। প্রতারক চক্রটি মধ্যপ্রাচ্যসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে লোক পাঠানোর নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল।