নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আহ্বানে জাফলং এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়েছে।
সোমবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বল্লারঘাট, জাফলং চা বাগান নদীর পাড়, জাফলং সেতু ও ছৈলখাল এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭০০ কাঠের নৌকা, ৯ লাখ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
জব্দকৃত নৌকা, পাথর, বালু ও পাথর ভাঙ্গা মেশিন স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়।
অভিযানে আরো ছিলেন, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো সাইদুল ইসলাম, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো বদরুল হুদা ও বিজিবি সিলেট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যরা।