নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার, ৬ আগস্ট (২২ শ্রাবণ) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আন্দোলন ও ছাত্রজনতার টানা ৩৬ দিনের সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে যেতে বাধ্য হয়; কিন্তু মুক্তিকামী জনতার বিজয় উৎসবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু দোসর অত্যন্ত সুকৌশলে প্রবেশ করে সিলেট মহানগরীতে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের সাথে বিএনপি কিংবা ছাত্রজনতার কোনো সম্পর্ক নেই।
তৃতীয় পক্ষ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিটি পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করার জন্য বিএনপির পক্ষ থেকে আহবান জানানো কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
আওয়ামী লীগের দোসররা দেশে সাম্প্রদায়িক দাঙ্গাসহ যেকোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করা হয়।
জেলা বিএনপির সভাপতি আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটে সাংবাদিক এ টি এম তুরাব সহ দেশের শহীদ হওয়া সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি পুলিশ-বিজির গুলিতে নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ জনসহ দেশের সকল শহীদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী রাজনৈতিক রোষানলে পড়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীসহ গুম হওয়া দলের নেতাকর্মীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
একই সঙ্গে তিনি দীর্ঘ ১৫ বছরে দলের যেসব নেতাকর্মী ও ছাত্রজনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও ড এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুর রাজ্জাক, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার।