জকিগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে চায়না। উল্টো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগকে ভোট দিলে ধর্ম যাবে বলে একটি মহল অপপ্রচার চালায়। ধর্মের অপব্যাখা দিয়ে জনগণকে বিভ্রান্ত করে।
তিনি আরও বলেছেন, শেখ হাসিনা সরকারই মসজিদ ও মাদরাসায় উন্নয়ন করেছে। মডেল মসজিদ নির্মাণ করেছে প্রতি উপজেলায়। স্বীকৃতি দিয়েছে ক্বওমি মাদরাসাকে। স্কুল-কলেজের শিক্ষকদের মতো ক্বওমি মাদরাসার শিক্ষকদেরও বেতন দিতে সরকার প্রস্তুত রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধ্যায় নবনির্মিত মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখছিলেন।
বারহাল ইউনিয়নের শাহবাগে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নবনির্মিত ক্লিনিকের ফিতা কেটে উদ্বোধন এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের সূচনা করেন।
মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্যোক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাওসার চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক শুভ্রকান্তি দাশ চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক এগিয়ে গেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল; কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে এ প্রকল্প বাতিল করে ছাগল পালনের প্রকল্প করেছিলো।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা এই দেশ উপহার দিয়েছেন।
মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক স্থাপন করায় তিনি কাওসার চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, থানার ওসি মোশাররফ হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী।