সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা আবার ক্ষমতায় এলে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের মতো জঙ্গি আর জঙ্গিবাদের উত্থান হবে।
তিনি আরও বলেছেন, খালেদা জিয়ার সরকার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একসঙ্গে ১৩টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। অগ্নিসন্ত্রাসীরা আবার যাতে কোন অবস্থায় বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার, ১ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ, রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি এবং উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মো শাহাব উদ্দিন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদ সদস্য মো বদরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।