বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায়-উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা দারিদ্র ও যোগাযোগ বিছিন্নতা। তাই আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র দূরীকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রী রবিবার, ৫ নভেম্বর সকালে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় সদর উপজেলার কাঠইর ইউনিয়নে দিরাই-মদনপুর সড়কে সুরমা সেতু, শান্তিগঞ্জ উপজেলায় জয়কলস বগুলাখাড়া ও দরগাপুরে ৮৯ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দু’টি আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মদনপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নিজস্ব ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বিএনপি-জামাত সম্পর্কে বলতে গিয়ে বলেন, কিছু দল ও নেতা আছেন যারা সংকীর্ণ স্বার্থে দেশের মানুষের উপর অহেতুক হরতাল ও অবরোধের নামে আঘাত করছেন; কিন্তু তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা। দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা আরও বেশি উন্নয়ন করবেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন বিএনপি-জামাত আন্দোলনের নামে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হরতাল-অবরোধের মতো ধবংসাত্মক কর্মসূচি দিয়ে, আগুন সন্ত্রাস চালিয়ে, রাস্তায় গাড়ি পুড়িয়ে, সরকারি স্থাপনা ও হাসপাতালে আগুন লাগিয়ে ক্ষমতায় যেতে চায়; কিন্তু বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ তা হতে দেবেনা।
বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবু নাঈম শেখ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।