নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। নির্ধারিত সময় দুপুর ১২টার ঘণ্টাখানেকই এর কার্যক্রম শুরু হয়।
ঐতিহাসিক এ ময়দানের পূর্বপ্রান্তে নির্মিত বিশাল মঞ্চ থেকে এক এক করে বক্তব্য রাখছেন স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ। বক্তৃতা করছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারাও। সামনে বিশাল সমাবেশ। মানুষ আর মানুষ। মাথায় পট্টি অথবা টুপি। হাতে নানা স্লোগান সম্বলিত বর্ণিল ফেস্টুন। মাঝে মধ্যে গর্জে উঠছেন।
বক্তারা প্রধানত দাবি জানাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের। পাশাপাশি প্রত্যেকের কণ্ঠেই উঠে আসছে সরকারের বিরুদ্ধে রিজার্ভ কমে যাওয়া, অর্থপাচার, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, লুটপাট. আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক কঠোর সমালোচনা। এছাড়া দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও করা হচ্ছে।