নিজস্ব প্রতিবেদক : বিএনপির আকস্মিক স্থগিত সিলেট জেলা কাউন্সিল নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন আহবান করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় মহানগরীর মানিকপীর রোডে মালঞ্চ কমিউনিটি সেন্টারে আহুত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন।
উল্লেখ্য, সোমবার এই কাউন্সিল হওয়ার কথা ছিল। প্রস্তুতিও ছিল প্রায় শতভাগ সম্পন্ন। হঠাৎ করে আগেরদিন কেন্দ্রীয় বিএনপির নির্দেশে এ কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়।
আরিফুল হক চৌধুরী কাউন্সিলে সিলেট জেলা বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।
তবে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ডা এ জেড এম জাহিদ হোসেন সোমবার রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় নিশ্চিত করেছেন, আগামী ৩১ মার্চের মধ্যে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে জেলা বিএনপির কাউন্সিলের প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা আজ সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফফার সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে অংশ নিতে বিভিন্ন পদে প্রার্থী হয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কেউ যদি মনোনয়ন প্রত্যাহার করতে চান তাহলে তাকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেননা।
যে গতিতে জেলা বিএনপির আহবায়ক কমিটি তৃণমূলের কাউন্সিলগুলো সম্পন্ন করেছিল তাতে রাজনৈতিক মহল আশাবাদী ছিল, নির্ধারিত সময়েই জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে; কিন্তু ঘটনাটি ঘটে গেলো বজ্রপাতের মতো, যা কেউ ধারণাও করতে পারেননি। কেন্দ্র ৭ দিন আগে কাউন্সিলার তালিকা প্রকাশ না করার ও কেন্দ্রে না পাঠানোর যে কারণ দেখিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই সাংগঠনিক কাজটি ৭ দিন আগে করার কথা; কিন্তু করা হয়েছে কাউন্সিলের আগেরদিন। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আগের ৬ দিনে কি এমন ঘটছিল যে জন্যে ‘নিয়ম’টির কথা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মনেই ছিলনা। যদি ৭ দিন আগেই কাউন্সিলার তালিকা প্রকাশ ও কেন্দ্রে পাঠানোর নিয়মটিতে সংশ্লিষ্ট সবাই শক্ত অবস্থানে থাকতেন তাহলে তো ৬ দিন আগেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া যেতো-একবারে ঘাটে এসে তরী ডুবানোর মতো ঘটনা ঘটতোনা, যা তৃণমূলের নেতাকর্মীদের হতাশ না করলেও নিরাশ করেছে।
এছাড়া কাউন্সিল স্থগিত ঘোষণার পর তাড়াহুড়ো করে প্রার্থীরা প্রত্যাহারের নতুন সময়নীমা নির্ধারণও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনারও দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন; কিন্তু যে কারণেই হোক গত এক যুগ ধরে দলটির রাজনৈতিক তৎপরতা প্রধান বিরোধীদলের জায়গায় শূন্যতার সৃষ্টি করেছে, যা রাজনীতির জন্যে শুভ নয়।
তবে করোনা পরিস্থিতিতেও সিলেটে বিএনপির সাম্প্রতিক সক্রিয়তা সকল মহলে আশার জায়গা তৈরি করে। এই জায়গায় আলো কিভাবে জ্বালাবেন সেটা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে ভাবনায় নিতে হবে।