বিএনপির চক্রান্ত মোকাবিলা না করলে দেশের ক্ষতি হবে : শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির

প্রকাশিত July 20, 2023
বিএনপির চক্রান্ত মোকাবিলা না করলে দেশের ক্ষতি হবে : শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির বলেছেন, বিএনপি দেশবিরোধী যে চক্রান্ত শুরু করেছে তা মোকাবিলা না করলে দেশের বড় ধরনের ক্ষতি হবে।
তিনি আরও বলেছেন, তারা প্রতিবারই নির্বাচনের মৌসুমে নানারকম ষড়যন্ত্র করে। তাই সকলকে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার, ২০ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট মো আবু জাহির প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষের ক্ষতি হয় এমন চক্রান্ত করে ক্ষমতায় যেতে চায়। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্পদ লুট করে। কোনভাবেই তাদেরকে আর এমনটা করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সকল চক্রান্তের মোকাবিলা করবে।
অনুষ্ঠানে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় ১০টি প্রতিষ্ঠানের উন্নয়নে ২০ লাখ টাকা সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সহায়তা পেয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মো আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
এমপি আবু জাহির পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার গাছের চারা ও দুটি প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন।
তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বক্তব্য রাখেন।