বিএনপিকে নেতাশূন্য করার পায়তারা করছে সরকার : সিলেটে মোহাম্মদ শাহজাহান

প্রকাশিত December 24, 2022
বিএনপিকে নেতাশূন্য করার পায়তারা করছে সরকার : সিলেটে মোহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, সরকার বিএনপিকে নেতাশূন্য করার পায়তারা করছে।
শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি এবং কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
গণমিছিলটি মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দিয়ে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাবন্দি করে সরকার দলটিকে নেতাশূন্য করতে চায়; কিন্তু তারা জানে না যে, দেশের জনগণ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন রাস্তায় নেমেছে। জুলুম-নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। চলমান আন্দোলনের মাধ্যমেই সকল রাজবন্দিকে মুক্ত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণের দাবি আদায় না করে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবেনা।
তিনি আরও বলেন, বিএনপির কর্মসূচিগুলোতে জনতার জোয়ার নামে। ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিয়তই রাজপথে প্রতিবাদ হচ্ছে। দেশে যে স্বৈরতন্ত্র ও অপশক্তি বিদ্যমান রয়েছে সেই অপশক্তিকে উৎখাত করার জন্য আন্দোলন করে যাচ্ছি। আওয়ামী লীগ দমন পীড়নের নামে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। অতিশীঘ্রই এই ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন হবে।
বিএনপির মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি