বাহুবলে বাস উল্টে ৪ জন নিহত আহত অর্ধশত || ট্রাকের ওভারটেকে এ দুর্ঘটনা

প্রকাশিত February 16, 2023
বাহুবলে বাস উল্টে ৪ জন নিহত আহত অর্ধশত || ট্রাকের ওভারটেকে এ দুর্ঘটনা

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলের বাগানবাড়ি নামক স্থানে সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ জন নিহত ও অর্ধশত যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, বাহুবল থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা জানান, সিলেট থেকে একটি বিরতিহীন বাস যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বাহুবলের বাগানবাড়ি এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটমুখী একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এর মাঝে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চাপাইনবাবগঞ্জের আব্দুল হাসিমের ছেলে নাজিম উদ্দিন তারেক, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলীর জামাল মিয়া ও নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কামরান মিয়া। বাহুবল থানার ওসি-তদন্ত প্রজিত কুমার দে বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৪টি মরদেহ উদ্ধার করেন।