বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ১৩ গ্রামবাসীর মধ্যে দুই দফা ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ ৩ শতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া আগের রাতেও ৩ ঘণ্টা সংঘর্ষ চলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ২৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মিরপুরবাজারে পাওনা টাকা চাওয়া নিয়ে লামাতাশি গ্রামের দর্জি আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকল আলীর ছেলে আল আমিনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধা করার জন্য বানিয়াগাঁও গ্রামের আব্দুস শহীদ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া চেষ্টা করলে তার উপর অতর্কিত হামলা চালায় আলফু মিয়ার লোকজন। এ খবর উভয় পক্ষের গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে লামাতাশি ও বানিয়াগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেল নিয়ে মিরপুরবাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মসজিদের মাইকে সংঘর্ষে যোগ আহবান জানালে লামাতাশি গ্রামের পক্ষে ৫ গ্রাম ও বানিয়াগাঁও গ্রামের পক্ষে ৮ গ্রামের লোকজন সংষর্ষে যোগ দেয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলে।
পরদিন মঙ্গলবার, ২৭ আগস্ট সকাল ৯টা থেকে ফের উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সহ স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে পৌঁছে শালিসের আশ্বাস দিয়ে উভয়পক্ষকে শান্ত করেন।
এ সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-মৌলভীবাজার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।