বাল্যবিয়ে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায় || নবজাতকের মৃত্যুর আশঙ্কা তৈরি করে

প্রকাশিত April 21, 2022
বাল্যবিয়ে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায় || নবজাতকের মৃত্যুর আশঙ্কা তৈরি করে

‘বাল্যবিয়ে নারীর অগ্রগতিকে ব্যাহত করে। অল্পবয়সে বিয়ে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়। নবজাতকের মৃত্যুর আশঙ্কাও তৈরি করে। অল্পবয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টিজনিত কারণে অনেকসময় নবজাতক মারা যায়। এমনকি বেঁচে থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে। অল্পবয়সে বিয়ের ফলে একটি মেয়ের পক্ষে অন্য একটি পরিবারের অনেক বিষয় সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এ কারণে অনেক ধরনের যন্ত্রণার শিকার হয়ে থাকে। অনেক সময় বিবাহবিচ্ছেদের মতো ঘটনাও ঘটে। এতে এসব মেয়ের বাবা-মায়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়, যা কোনো বাবা-মা কখনও চান না। বিবাহবিচ্ছেদের ফলে মেয়ের ভবিষ্যৎ জীবনও অনিশ্চিত হয়ে পড়ে।’
‘বাল্যবিয়ে কখনও ভালো ফল বয়ে আনতে পারেনা। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ ও আইন প্রণয়ন করা হয়েছে। তবুও দেশে বাল্যবিয়ে থেমে নেই। বাল্যবিয়ে সম্পর্কে সকলের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বাল্যবিয়ে ব্যক্তি পর্যায়ে ক্ষতির সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকেও ব্যাহত করে।’
‘পরিবার থেকে বাল্যবিয়ে প্রতিরোধসহ এ সংক্রান্ত সচেতনতা তৈরির চর্চা করতে হবে। প্রতিহত করতে হবে সামাজিকভাবে। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জরুরি সেবা চালুর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলেছে কিশোর-কিশোরী ক্লাব, যার মাধ্যমে কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ঘটবে। অন্যদিকে বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বন্ধ হবে বলে জাতি আশা করছে ।’
বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজাগাঁও উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব আয়োজিত বাল্যবিয়ে, যৌতুক, ধর্ষণ, তালাক, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে এসব কথা উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। প্রোগ্রাম অফিসার শামছুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাটখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো রফিকুজ্জামান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইসলাম উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ শাবাজ মিয়া, ফিল্ড সুপারভাইজার জয়নারায়ন চন্দ্র মোহন্ত ও রেজাউল করিম, জেন্ডার প্রোমোটার ঊষা রাণী দাস ও ক্লাব কো-অর্ডিনেটর আলেয়া খাতুন।
সংগীত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে, কিশোর-কিশোরী ক্লাব সদস্য লুৎফাতুন লিসা। সবশেষে কিশোর-কিশোরীদের হাতে কারাতে পোশাক ও সচেতনতামূলক বই তুলে দেওয়া হয়।-সংবাদদাতা