বানিয়াচংয়ে মসজিদের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারালো স্কুল ছাত্রী

প্রকাশিত March 31, 2026
বানিয়াচংয়ে মসজিদের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারালো স্কুল ছাত্রী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাঘজুর গ্রামে মসজিদের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় আহত স্কুল ছাত্রী সানজিদা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানলো।
গত ২৯ মার্চ বিকেল ৪টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন সে। পরদিন ময়না তদন্ত শেষে পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। রাত ৯টায় নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঘজুর পূর্বপাড়ার বায়তুস সালাম জামে মসজিদের কাজের হিসাব চাওয়া নিয়ে গত ১৭ মার্চ রাতে গ্রামের আব্দুস সালামের সাথে হারুন মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতেই দুজনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মধু মিয়ার মেয়ে নাগুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার (১৩) টেটাবিদ্ধ হয়। গুরুতর আহত হয় আরো ১০ জন।
সানজিদা আক্তারকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালে; কিন্তু সিলেটে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ওসি জানান, বর্তমানের গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।