বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বড়য়ান বিলে গ্রাম বাংলার ঐতিহ্য পলো বাওয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) সকাল থেকে জেলার বিভিন্ন স্থান হতে আসা সহস্রাধিক মাছ শিকারী পলো দিয়ে পানিতে ঝাঁপ দিয়ে দিয়ে আর হৈ হুল্লোড় করে ছন্দের তালে তালে এগিয়ে গিয়ে মাতিয়ে তুলেন পুরো বিল। অভিভাবকদের সঙ্গে সৌখিন এ পলো বাওয়া উৎসবে শিশুরাও অংশ নেয়।
এক সময় জেলার নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলায় পলো বাওয়া উৎসব বা প্রতিযোগিতার প্রচলন ছিল। তখনকার সময়ে বিভিন্ন নদী ও বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এতে শুধু মাছ ধরাই হতোনা-এর মধ্যে গ্রামবাংলার মানুষ বিনোদনও খুঁজে পেতো।
পলো বাওয়া আজকাল খুব একটা দেখা যায়না। তবে আতুকুড়া গ্রামবাসী এ ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতি বছর শুষ্ক মৌসুমে আতুকুড়া গ্রামবাসীর নির্ধারিত তারিখের আগের দিন রাত থেকে জেলার বিভিন্ন এলাকার সৌখিন মাছ শিকারীরা জাল, পলো আর অন্যান্য সরঞ্জাম নিয়ে বড়য়ান বিলের পাড়ে ভীড় জমান। এক পর্যায়ে দল বেঁধে সবাই মাছ ধরতে নামেন। টানা ২/৩ ঘণ্টা পলো বাওয়া চলে।
পলো বাওয়া আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বল, বাঙালির ঐতিহ্যের স্মারক পলো বাওয়া উৎসবে সরকারের পৃষ্ঠপোষকতার আহবান রাখলেন।