বানিয়াচংয়ে আকলিমা হত্যা মামলার প্রধান আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রকাশিত March 30, 2026
বানিয়াচংয়ে আকলিমা হত্যা মামলার প্রধান আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের বানিয়াচংয়ে আকলিমা বেগম হত্যা মামলার প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, বানিয়চং উপজেলার দক্ষিণ গুণই এলাকার আকলিমা বেগমের পরিবারের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে গত ২৫ মার্চ প্রতিপক্ষের সাথে তার ছেলের কথা কাটাকাটি হয়।
একইদিন সন্ধ্যা আনুমানিক ৭টায় প্রতিপক্ষ নানা ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকলিমা বেগমের স্বজন আজিজুর রহমানের মুদির দোকানে হামলা চালিয়ে দোকান থেকে আনুমানিক ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া আকলিমা বেগমকে গুরুতর আহত করে। পরবর্তী সময়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আকলিমা বেগমের ছেলে বাদি হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি কামরুজ্জামান চোধুরীকে (৪৫, পিতা মৃত দিলাওয়ার মিয়া চোধুরী, গুণই , বানিয়াচং, হবিগঞ্জ) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।