বাঞ্ছারামপুরে বোন হত্যা মামলার প্রধান আসামি ভাই সিলেটে গ্রেফতার

প্রকাশিত April 3, 2026
বাঞ্ছারামপুরে বোন হত্যা মামলার প্রধান আসামি ভাই সিলেটে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বোন হত্যা মামলার প্রধান আসামি ভাইকে সিলেট থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের মাহমুদা বেগমের (৪৫) স্বামী ও ছেলে মালয়েশিয়া প্রবাসী। তিনি দেশে ছিলেন এক মেয়েকে নিয়ে; কিন্তু তার আপন ছোট ভাই আক্তার হোসেনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল।
গত ১৭ মার্চ রাত আনুমানিক ২টায় আক্তার হোসেন এক ব্যক্তিসহ মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে তার সাথে ঝগড়া করে ও তাকে হত্যার হুমকি দেয়।
এর জের ধরে ৩ দিন পর ২০ মার্চ রাত ১১টা থেকে অনুমান সকাল পৌণে ৬টার মধ্যে কোনো এক সময় মাহমুদা বেগমকে তার গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ এনে তার পিতা বাদি হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২ মার্চ) আনুমানিক বিকেল সোয়া ৪টায় সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি- আক্তার হোসেনকে (৩২, পিতা মো নাছির উদ্দিন, আকানগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।