বাঙালির আন্দোলন-সংগ্রাম মুক্তিযুদ্ধ জাতির পিতা ও উন্নয়ন সম্পর্কে শিশুদের জানাতে হবে

প্রকাশিত October 6, 2023
বাঙালির আন্দোলন-সংগ্রাম মুক্তিযুদ্ধ জাতির পিতা ও উন্নয়ন সম্পর্কে শিশুদের জানাতে হবে

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, আজকের শিশুদের আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাঙালির আন্দোলন-সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও দেশের উন্নয়ন সম্পর্কে জানাতে হবে।
সোমবার, ২ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, অতীত ও বর্তমানকে জানতে না পারলে নতুন প্রজন্ম আলোকিত ভবিষ্যতের প্রেরণা পাবেনা।
তিনি সিলেটে শিশু একাডেমির নিজস্ব ভবন নির্মাণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত। বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের পক্ষে বক্তব্য রাখে মো ইরফান খান ও প্রিয়ন্তী ভট্টাচার্য।
কর্মসূচির শুরুতেই ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রিকাবীবাজার এলাকায় নজরুল চত্বর প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটের সাংস্কৃতিক বিভাগের শিশুরা ছাড়াও বিভিন্ন সংগঠনের শিশুরা অংশ নেয়। অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।
এ বছর ‘শিশুর জন্য বিনিয়োগ করি-ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপদযাপিত হয়।