বাউলসম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে উজানধলে চলছে লোক উৎসব

প্রকাশিত March 16, 2022
বাউলসম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে উজানধলে চলছে লোক উৎসব

পলি রায়, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালনী নদীর তীরঘেঁষা উজান ধল গ্রামের মাঠে একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আব্দুল করিমের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দু দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে ।
‘মানুষ যদি হতে চাও, করো মানুষের ভজন’, ‘স্বাধীন বাংলারে, স্বাধীন হবে সুখে রবে, বাংলা মায়ের সন্তান, স্বাধীন বাংলারে’, ‘এসব নিয়ে দ্বন্দ্ব কেন, কে হিন্দু কে মুসলমান সৃষ্টিকর্তা সবারই একজন’, ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পংঙ্খি নায়’, কেন পীরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি’, ‘জ্ঞানী গুণী সবাই বলেন মুক্তি আসে মানবতায়, মানবতা, মন ধর্ম-কর্ম বিফলে যায়’ ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এমন অনেক কালজয়ী গানের সৃষ্টা শাহ আব্দুল করিম। সমাজ ও রাজনীতি সচেতন এবং মাটি ও মানুষের কাছাকাছি থাকা এই বাউল দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা লোকসংস্কৃতির আলো ছড়িয়ে দিয়েছেন বিশ্বালয়ে। যেমনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মান তেমনি সিক্ত হয়েছেন সর্বস্তরের মানুষের ভালবাসায়। তাই বাউলসম্রাটের জন্ম আর মৃত্যুবার্ষিকী ভাটিবাংলার উজানধল গ্রামটিকে অজস্র ভক্তের গন্তব্য করে তুলে।
এবারের আয়োজন দু দিনের। প্রথমদিন মঙ্গলবার এই লোক উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠে উজানধলের মাঠ। বসেছে গ্রামীণমেলা। উল্লসিত সববয়সের মানুষ। নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
লোক উৎসবের উদ্বোধন করেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহমুদুর রহমান মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরার হোসেন, বিশ্বনাথ উপজেলা আব্দুল করিম পরিষদের সভাপতি মো আব্দুল হাই, বাউল আব্দুর রহমান ও বাউল সিরাজ উদ্দিন। সভাপতিত্ব করেন, শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি শাহ নুরজালাল। সঞ্চালনায় ছিলেন, আপেল মাহমুদ। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা গান পরিবেশন করেন।
আজ রাতে লোক উৎসবের সমাপ্তি হবে।