বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : জেনারেল শফিউদ্দিন

প্রকাশিত December 30, 2022
বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : জেনারেল শফিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেছেন, যে কোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী প্রধান ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিজুরী এলাকায় ১ হাজার ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনী প্রশিক্ষণকালীন জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে নিয়মিত অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়।
এর আগে সেনাবাহিনী প্রধান ১৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা সিলেটের সদর উপজেলার খাদিমনগর এবং জৈন্তাপুর উপজেলা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে উপস্থিত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান শীতবস্ত্র বিতরণের পর অসহায়, দুস্থ ও গরীব-দুঃখী মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশন পরিচালিত ফ্রি-মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।
এই মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ, গর্ভবর্তী-প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা ও বিশেষ পরামর্শ দেওয়া সহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রাদন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়।
পরিদর্শনকালে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।