নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি, জিওসি বলেছেন, সেনা, নৌ, বিমান ও পুলিশবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের জন্য সদা প্রস্তুত রয়েছে। আগামী দিনেও থাকবে।
রবিবার সকালে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল হামিদুল হক বলেন, চৌত্রিশ বছর ধরে পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও অভিজ্ঞতায় বাংলাদেশের শান্তিরক্ষীগণ এখন বিশ্বশান্তি রক্ষায় আদর্শ হিসাবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা, সাংবিধানের দিক নির্দেশনা, রাষ্ট্রপতির অনুপ্রেরণা ও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা বিশ্বে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে সর্ববৃহৎ শান্তিরক্ষী বাহিনীর আসনে অধিষ্ঠিত। সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে আমাদেরকে গৌরবান্বিত করেছে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যদের বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী ২৯ মে তারিখে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালন করা হয়ে থাকে।
১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের যে সকল সদস্য জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের প্রতি সম্মান জানান।
তিনি জানান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ১৯৪৮ সাল হতে শান্তিরক্ষা কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ ১৯৮৮ সালের আগস্ট মাস হতে আন্তর্জাতিক শান্তি প্রয়াসের সঙ্গে সম্পৃক্ত হয়। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা অধিদপ্তরের অধীনে মোট ১৪টি দেশে বাংলাদেশের ৬,৮২৫ জন সামরিক ও পুলিশ সদস্য নিয়োজিত আছেন। শান্তিরক্ষার এই সুমহান দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট ১৬১ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন ও ২৫২ জন্য সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন।
উদ্বোধনী বক্তব্য শেষে মেজর জেনারেল হামিদুল হক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। পরে একটি বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় সিলেট এরিয়ার সামরিক সদস্য, পদস্থ অসামরিক কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব, স্থানীয় জাতিসংঘ প্রতিনিধি ও গণমাধ্যমসহ সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।