নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ উন্নয়নে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে; কিন্তু এই অভাবনীয় অগ্রযাত্রার সব খবর দেশের সাধারণ মানুষ জানেনা। তাই এ সকল সাফল্যগাথা সবাইকে কথা জানাতে হবে।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদে মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় চার যুগ আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মাতৃভাষা বাংলায় দেওয়া ভাষণে উন্নয়নের যেসব প্রস্তাব-পরিকল্পনা উত্থাপন করেছিলেন সেগুলোর আলোকেই জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসজিডি) নির্ধারণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশকে অনুসরণ করে আফ্রিকার বিভিন্ন দেশ এখন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি দপ্তরের প্রতিনিধি। সঞ্চালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান প্রধানমন্ত্রীর বিশেষ উদ্ভাবনী উদ্যোগ পল্লীসঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্য ও অর্জন তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ে তোলার পথযাত্রা তার নেতৃত্বেই শুরু হয়েছিল; কিন্তু ঘাতকরা তাকে লক্ষ্যে পৌঁছতে দেয়নি। তবে তিনি যে দিকনির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাই অনুসরণ করে দেশকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, একজন শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা হয়ে উঠতে যাচ্ছে।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, দেশের মালিক জনগণ। এই জনগণ যেন কোনভাবেই সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়।
বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, পঁচাত্তর পরবর্তী ২১ বছর পরবর্তী আরও ৫ বছর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্ত করা হয়েছিল; কিন্তু বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাঙালি জাতি সকল চক্রান্ত নস্যাৎ করেছে। তবে ষড়যন্ত্র এখনও চলছে। তাই সাবধান থাকতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লক্ষ্য অর্জনে বিরাজমান সমস্যা চিহ্নিত ও সম্ভাবনা সম্পর্কে সুপারিশ উপস্থাপন করেন।
নিজ নিজ দলের পক্ষে এসব উপস্থাপন করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ. গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো গোলাম কবির, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল প্রমুখ।