বাংলাদেশে স্বাস্থ্যখাতে অনেক অগ্রগতি হয়েছে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত September 22, 2021
বাংলাদেশে স্বাস্থ্যখাতে অনেক অগ্রগতি হয়েছে : বিভাগীয় কমিশনার

এন্ড্রু আশীষ সিং : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্যখাতে অনেক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে মহামারি করোনা মোকাবেলায় সকলে মিলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় স্বস্তিকর। তবু সবাইকে অবশ্যই টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বুধবার সকালে সিলেটে স্বাস্থ্যখাতের আরো সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষসহ সকলের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় বহুমাত্রিক অংশীজনদের নিয়ে আয়োজিত ‘স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি : বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সরকারি স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। সমস্যা সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত। বেসরকারি স্বাস্থ্যসেবায়ও যথেষ্ট উন্নতি হয়েছে।
মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য ডা হিমাংশু লাল রায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো আনোয়ার হোসেন ও সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা নাসিম আহমেদ। সভাপতিত্ব করেন, দৈনিক উত্তরপূর্বর নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন, সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ। প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। সঞ্চালোয় ছিলেন, ফৌজিয়া আক্তার। এছাড়া মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবার নানা সমস্যা চিহ্নিত করণের পাশাপাশি উন্নয়ন ও আশুকরণীয় উঠে আসে। এছাড়া উপস্থাপিত প্রবন্ধে বর্তমান অবস্থার পরিবর্তনে সবার আগে অবশ্যই স্বাস্থ্যখাতে আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যখাতের উন্নতির বিষয়টি সামগ্রিকভাবে দেখা উচিত বলে অভিমত ব্যক্ত করা হয়।
শুক্রবার সেমিনার সম্পর্কে বিস্তারিত খবর প্রকাশ করা হবে।