বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বিনিয়োগ সুরক্ষার দাবি যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের

প্রকাশিত May 17, 2023
বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বিনিয়োগ সুরক্ষার দাবি যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের

যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধ ও তাদের বিনিয়োগ সুরক্ষার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার, ১৬ মে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারী কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আব্দুর রাজ্জাক, পরিচালক কামাল মিয়া, পরিচালক আব্দুল আহাদ, পরিচালক আব্দুল হাই, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক এম এ রব ও পরিচালক ফয়জুল হক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগকারী যুক্তরাজ্য প্রবাসী আরও কয়েকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অয়োজকদের মধ্যে ৭ জনই গতবছর দেশে এসে ‘হয়রানিমূলক’ মামলায় গ্রেফতার হয়েছিলেন। তারা ৮ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গেলে গত বছরের ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্য প্রবাসী ৭ পরিচালককে ঢাকার মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ। তখন গ্রেফতারের কোনো কারণও ব্যখ্যা করা হয়নি। পুলিশ কেবল বলেছিল, তাদের সঙ্গে কথা আছে। থানায় নেওয়ার পর জানানো হয়, মাগুরায় তাদের বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে। বীমার টাকা না পেয়ে চার গ্রাহক এসব মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোম্পানির চেয়ারম্যান ছাড়াও তখন ১০ জন পরিচালক ছিলেন। তাদের মধ্যে ৭ জন ব্রিটেন প্রবাসী। একজন থাকেন যুক্তরাষ্ট্রে। চেয়ারম্যান ও দুই পরিচালক আছেন বাংলাদেশে; কিন্তু বীমার টাকা না পাওয়ায় বেছে বেছে কেবল যুক্তরাজ্য প্রবাসী ৭ পরিচালক ও একজন শেয়ারহোল্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আবার মামলা সম্পর্কে কোনো কিছু জানার আগেই কোম্পানির সভা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা থেকে অনুমান করা যায়, এটা কোনো সাধারণ মামলার ঘটনা নয়। এটা প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগ আত্মসাতের উদ্দেশ্যে কোম্পানি দখলের গভীর কোনো ষড়যন্ত্রের অংশ। এছাড়া গ্রাহক টাকা না পেলে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারেন। আর বিষয়টি দেওয়ানি। অথচ প্রবাসী পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হলো।
লিখিত বক্তব্যে বলা হয়, মামলাগুলো মোকাবেলা করে গত বছরের ২৯ সেপ্টেম্বর তারা মাগুরার আদালত থেকে মুক্তি পান। এরপর নতুন করে কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন; কিন্তু বোর্ড মিটিং এলেই তাদেরকে জড়িয়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে নানা ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের কয়েকটি কাগজে। এসব খবরে যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীরা কোম্পানির ১০৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে বানোয়াট অভিযোগ করা হয়, যার পরিপ্রেক্ষিতে এসব প্রবাসী বিনিয়োগকারীর বিরুদ্ধে তদন্তের দাবিতে রিট পিটিশনও হয়। এছাড়া গত এপ্রিল মাসে আরও দুটি ‘মিথ্যা’ মামলা দেওয়া হয়েছে। এই মামলাগুলোও গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের মামলা কেবল ৮ জন যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে করা হয়েছিলো। এবারের মামলাগুলোতে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যদেরকে রাখা হয়েছে, যাতে মনে না হয় কেবল যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদের টার্গেট করা হয়েছে।
বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, ‘আমরা প্রবাসীরা মাতৃভূতির প্রতি ভালোবাসা ও আবেগের টানে সবসময় যাতায়ত করি, সম্পর্ক রাখি এবং বিনিয়োগ করি। আমরা চাই বাংলাদেশের উন্নয়ন এবং দেশ এগিয়ে যাক। আর সেই অগ্রযাত্রায় আমরা প্রবাসীরা বাংলাদেশের সঙ্গে থাকতে চাই; কিন্তু কিছু কুচক্রী আমাদের বিনিয়োগ আত্মসাৎ করার জন্য আমাদেরকে নানাভাবে হয়রানি করে দেশ থেকে তাড়াতে চায়। মিথ্যা মামলা দিয়ে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে আইনের অপব্যবহার করে আমাদের হয়রানি করে।’
তারা বাংলাদেশ সরকার, পুলিশ প্রশাসন ও আদালতের প্রতি অনুরোধ জানান, প্রবাসীদের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে যেন ভালভাবে খোঁজখবর নেওয়া হয়। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা যাতে কেউ করতে না পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রবাসী বিনিয়োগ আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা এবং বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই প্রবাসীদের বিনিয়োগকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
তারা স্থায়ীভাবে প্রবাসীদের হয়রানি বন্ধে এবং প্রবাসী বিনিয়োগ ও বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য জাতীয় সংসদে সুনির্দিষ্ট আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রবাসী বিনিয়োগকারীরা যদি কোনো অন্যায়ের শিকার হন এবং তাদের বিনিয়োগ হারান তাহলে সেটা বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে চরম খারাপ উদাহরণ তৈরি করবে।
তারা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রবাসী বিনিয়োগকারীদের সুরক্ষায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে হোমল্যান্ড ইনসুরেন্স কোম্পানির পরিচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে উপস্থিত হন বৃটিশ বাংলাদেশ ক্যটারারস এসোসিয়েশন-বিসিএ সভাপতি এম এ মুনিম অবিই, সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী ও অলি খান এমবিএ, বিবিসিএ সাধারণ সম্পাদক তফজজুল মিয়া, বিবিসিএ লন্ডন রিজওন সাধারণ সম্পাদক কদরুল ইসলাম, নেদারল্যান্ডস বাংলাদেশ সমিতি ইউকের সভাপতি মতিউর রহমান মতিন ও অর্থ সম্পাদক জিয়ার আহমেদ, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর খান, সামাজিক সংগঠক ফয়েজ উদ্দিন এমবিএ, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা খলিল কাজী, সহসভাপতি পারভেজ কোরেশী এবং বিবিসিএ অর্থ সম্পাদক মতিন মিয়া সহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি