সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আমরা ডলার ব্যবহার করি না। টাকা থাকলে ডলার হয়। বাংলাদেশে টাকার সংকট আছে; কিন্তু ডলারের নেই।’
তিনি আরও বলেছেন, চাল-ডাল সহ অন্যান্য কৃষিজাত ফল-ফলাদি উৎপাদন এবং গবাদিপশুর সংখ্যা বাড়াতে পারলে বাইরে কিছু আমদানি করতে হবেনা। ডলার তখন লাগে যখন বিদেশ থেকে কিছু আনতে হয়। এখনও ডলারের কোন সংকট নেই-একটু টানাটানি আছে। আগামীতে কমে যাবে।
পরিকল্পনা মন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, দেশে উৎপাদন বাড়াতে হবে। ডলার পকেটে না থাকলেও কিছু যায় আসেনা।
রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।