ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএইড যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফুড সিকিউরিটি স্ট্র্যাটেজি-জিএফএসএসের আওতায় বাংলাদেশে ৫ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার ১২ জুলাই বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআই ও ইউএসএইড প্রতিনিধিদলের মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
মহানগরীর জেল রোডে সিলেট চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসসিসিআই সভাপতি তাহমিন আহমদ।
এতে ইউএসএইড ইকোনমিক গ্রোথ অফিসের ডেপুটি ডাইরেক্টর জোসেফ লেজার্ড বলেন, ইউএসএইড বাংলাদেশে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, ফুড সিকিউরিটি, জনপুষ্টি, দারিদ্র বিমোচন ও কৃষি নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র সরকার অর্ধশতাব্দি যাবৎ বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। সম্প্রতি ইউএসএইড যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফুড সিকিউরিটি স্ট্র্যাটেজি-জিএফএসএসের আওতায় বাংলাদেশে ৫ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় দেশ; কিন্তু কিছু সমস্যার কারণে বাংলাদেশের উন্নয়ন খাতে কাজ করা অন্যান্য দেশের তুলনায় অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা বাংলাদেশের বিভিন্ন চেম্বার ও সংস্থার সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করছেন। সঠিক সমস্যাগুলো চিহ্নিত করতে পারলে তারা তা নিরসনে সরকারকে সহযোগিতা করতে পারবেন।
মতবিনমিয় সভায় স্বাগত বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করায় ইউএসএইড ও যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এখানে প্রচুর খাদ্য-শস্য ও ফলমূল উৎপন্ন ও বিদেশে রপ্তানি হয়। সেদিক বিবেচনায় জিএফএসএসের আওতায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা খাতে ৫ বছর মেয়াদী এই পরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, সিলেটে বিশ্বমানের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অভাব রয়েছে। তাই এখানে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানে সমূহে প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী পাওয়া যায়না।
তাই তিনি সিলেটে বিশ্বমানের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ও ল্যাংগুয়েজ একাডেমি গড়ে তোলার আহবান জানান।
সভায় অন্যান্য বক্তা সিলেট থেকে বিমানযোগে ইউরোপ ও আমেরিকায় কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ স্থাপন, মাটির গুণাগুণ রক্ষায় চাল ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক সারের বদলে সি-উইড ব্যবহার সহজলভ্যকরণ, বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদের লক্ষ্যে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রাপ্তি ও সোলার পাওর্য়াড সেচ ব্যবস্থা প্রণয়নে কৃষকদের সহযোগিতা করা এবং কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজের সংখ্যা বৃদ্ধিকরণে ইউএসএইডের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, ইউএসএইড প্রতিনিধিদলের সদস্য জ্যাকব মরিন, অনিরুদ্ধ রায়, ফরহাদ হোসেন, মোহাম্মদ নূরুজ্জামান, শফিকুর রহমান, আখতার আহমেদ পিএইচডি, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ এনালিস্ট মীর রায়হানুল ইসলাম, রাইসা শ্যামা, সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, দেবাংশু দাস, ইউকেবেটের মো আসাদুজ্জামান সায়েম, জিয়া ইসলাম, জালালাবাদ ভেজিটেবল এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বারের সদস্য মো আবুল কালাম, আব্দুল বাছিত সেলিম, মো জহির হোসেন, আরিফ হোসেন, নাজমুল ইসলাম ও সচিব মো গোলাম আক্তার ফারুক। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি