বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী : সিলেটে রাষ্ট্রদূত

প্রকাশিত May 3, 2023
বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী : সিলেটে রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতানতো সুবোলো বলেছেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার বন্ধু রাষ্ট্র। দু’দেশের মধ্যে ধর্মীয় ও সামাজিক দিক থেকে অনেক মিল রয়েছে। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে পেরে ইন্দোনেশিয়ার জনগণ অত্যন্ত আনন্দিত। ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। তাই বাংলাদেশের বিজনেস কমিউনিটির পক্ষ থেকে যেকোন উদ্যোগ সানন্দে গ্রহণ করা হবে।
তিনি জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে জাকার্তায় একটি ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপো অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রদূত তাতে অংশ নিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে আমন্ত্রণ জানান।
বুধবার, ৩ মে বিকেলে সিলেট চেম্বার মিলনায়তনে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতানতো সুবোলো একটি প্রতিনিধিদলসহ এতে অংশ নেন।
রাষ্ট্রদূত জানান, গতবছর ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপোতে বাংলাদেশ থেকে ৩৫টি বাণিজ্য প্রতিনিধিদল অংশগ্রহণ করেছিল।
তিনি আরও জানান, ঢাকায় ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-আইবিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছে। এ সংগঠনটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করছে।
রাষ্ট্রদূত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাময় খাতগুলো খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, চিকিৎসা ও ঔষুধ শিল্প খাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে চিকিৎসা সেবা ইন্দোনেশিয়ার তুলনায় অনেক কম। এ খাতটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয় সমূহে উচ্চশিক্ষা গ্রহণের আহবান জানান।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে। তবে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে পণ্য আমদানির তুলনায় বাংলাদেশ থেকে রপ্তানি নিতান্ত কম। এই বিশাল বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশী পণ্য ইন্দোনেশিয়ায় প্রবেশে সকল ধরনের শুল্ক ও অশুল্ক বাঁধাসমূহ দূর করতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক সকল সূচকে অভূতপূর্ব উন্নতি লাভ করেছে।
মতবিনিময় সভায় ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক এবং সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, মো সারোয়ার হোসেন ছেদু, সচিব মো গোলাম আক্তার ফারুক, ইন্দোনেশিয়া দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাউন্সিলর রাদেন উসমান এফেন্দী, থার্ড সেক্রেটারি ফিতরি নুরীল ইসলামী, সাপতো রুদিয়ান্তো, সিতি আয়ু প্রমেশ্বরী, মাহেশা আব্বি, ইউকেবেটের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো জহির হোসেন, সিলেট চেম্বার সদস্য নিয়াজ মো আজিজুল করিম, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ, এস এম শায়েস্তা তালুকদার, জয়দেব চক্রবর্তী, মাছনুন আকিব বড়ভূঁইয়া, সানজিদা খানম, সুষমা সুলতানা রুহি, আফজাল বক্স, জিয়া ইসলাম প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি