বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ইতিহাস বিকৃতকারী কেউ আর আসবেনা : বিভাগীয় কমিশনার

প্রকাশিত March 16, 2022
বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ইতিহাস বিকৃতকারী কেউ আর আসবেনা : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এমন কেউ আর কখনও আসবেনা যে ইতিহাস বিকৃত করবে, বাঙালির প্রাণশক্তি জয়বাংলা উচ্চারণে বাধা দেবে কিংবা বঙ্গবন্ধুকে আড়াল করার অপচেষ্টা চালাবে।
তিনি আরও বলেছেন, নতুন প্রজন্ম এখন স্বাধীনতার সত্য ইতিহাস জানতে পারছে। চিনতে পারছে শত্রু-মিত্র। তাই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে সিলেট জেলা ক্রীড়াভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসবের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে একাত্তরের চেতনায় প্রাণিত করতে অভিভাবকদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম বলেন, বাংলাদেশে এখন সবই আছে-সবই হয়েছে; কিন্তু সুনাগরিকের অভাব প্রকট। তাই ২০৪১ সালের বাংলাদেশকে সামনে রেখে সুনাগরিক গড়তে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। আরও বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। সঞ্চালনায় ছিলেন, নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত। এছাড়া হিমংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না ও রানা কুমার সিনহার নেতৃত্বে বিশিষ্ট শিল্পীরা জাতীয় সংগীত ও শামসুল আলম সেলিমের লেখা উৎসব সংগীত পরিবেশন করেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তিন দিনব্যাপী ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা ২০২২’ শিরানামের এই উৎসব উদ্বোধন করেন।